ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পুরিয়া হেরোইনসহ মোঃ মাহমুদুল হক তালুকদার ওরফে শানু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হেরোইনের ওজন ৪ দশমিক ৫ গ্রাম। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ধামরাই থানাধীন কুমরাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিবসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত মাহমুদুল হক তালুকদার ওরফে শানুকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ টাকা।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মাহমুদুল হক তালুকদার ওরফে শানুর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।