সাভারে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের হেফাজত থেকে চারটি অটোরিকশার ব্যাটারি ও বিদ্যুতের ট্রান্সফরমারের ১০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৮ হাজার টাকা।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন হরিনধরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোঃ সুজন (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মমিন (৩৫) এবং ভোলা সদর উপজেলার মোঃ সবুজ (৩৭)। তাদের মধ্যে সুজনের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বালুরচর এলাকায়। অপর দুই ব্যক্তি সাভারের হেমায়েতপুর এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মনির হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে চারটি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা। এ ছাড়া বিদ্যুতের ট্রান্সফরমারের ১০ কেজি তামার তার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মালামালের মূল্য প্রায় ৬৮ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে আগে দুটি দস্যুতা ও একটি মাদকসংক্রান্ত মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার মমিনের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় এফআইআর নম্বর-০৪, দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।