মিজানুর রহমান, মীরসরাই (চট্টগ্রাম)
যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রামের মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, যুব ঋণ ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী যুব মেলা।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে কবুতর উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।
এ ছাড়া অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে আরাফাতুল হাসান এবং সফল আত্মকর্মীদের মধ্যে ইমাম হোসেন বক্তব্য দেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে যুবকরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বেকার যুবকরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠে অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারেন। এ সময় তিনি এলাকার বেকার যুবকদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রেষ্ঠ সফল আত্মকর্মী, শ্রেষ্ঠ উদ্যোক্তা এবং শ্রেষ্ঠ যুব সংগঠন ও সংগঠককে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি উপকারভোগীদের মধ্যে যুব ঋণ, গাছের চারা ও সনদপত্র বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী যুব মেলায় স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য ও উদ্যোগ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ তুলে ধরা এবং যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন। জাতীয় যুব দিবসের এসব আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।