‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও কর্মমুখী হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তরুণদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে শুধু চাকরির ওপর নির্ভরশীল না হয়ে কারিগরি শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তা গ্রহণের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে যোগ্য ও নির্বাচিত যুবকদের মধ্যে আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।