ঢাকার সাভারে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে অনলাইনভিত্তিক আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগে মিঠুন দাস (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাঁর হেফাজত থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের কাজে ব্যবহৃত বিন্যান্স (BINANCE) অ্যাপের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন পশ্চিম জয়নাবাড়ি এলাকার বিসমিল্লাহ হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাভার এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
২৯ অক্টোবর রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, সাভার মডেল থানার জয়নাবাড়ি এলাকার পশ্চিম জয়নাবাড়ি বিসমিল্লাহ হোটেলে অবস্থান করে একটি চক্র অনলাইনভিত্তিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে।
সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলে মিঠুন দাসকে আটক করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে ইউএসডিটি (USDT) ক্রিপ্টোকারেন্সি লেনদেনের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ জমা, স্থানান্তর এবং উত্তোলনের কাজে ব্যবহৃত বিন্যান্স অ্যাপ পাওয়া গেছে। বাংলাদেশে প্রচলিত আইনের অনুমোদন ছাড়া এসব লেনদেন পরিচালনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মিঠুন দাস টাঙ্গাইল জেলার সদর থানাধীন দেলী করটিয়া এলাকার প্রভাত দাস ও রাধিকা রানীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা মোবাইল ফোনসহ প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।