মিজানুর রহমান, মিরসরাই, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার দুই আসামি এবং মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত ১০ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেল ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা মাদ্রাসার পূর্ব পাশে পাকা সড়কে প্রহ্লাদ দত্ত (৬৫) নামে এক ব্যক্তি ধারালো দা দিয়ে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে কোপ দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় ভুক্তভোগী সরে যাওয়ার চেষ্টা করলে কোপটি তাঁর ডান হাতের ওপরের অংশ ও কাঁধে লাগে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এ ঘটনায় দায়ের করা জোরারগঞ্জ থানার মামলা নম্বর ২৮ (তারিখ ৩০ অক্টোবর ২০২৬), দণ্ডবিধির ৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৫০৬ ধারায় প্রহ্লাদ দত্তকে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই আব্দুল্লাহ আল মাসুদের তদন্তে প্রকাশিত চুরির মামলার আসামি জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবককে ৩০ অক্টোবর রাত ১টা ৪৫ মিনিটে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জোরারগঞ্জ থানার মামলা নম্বর ৩৭ (তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬), দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারার মামলার আসামি।
এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ওসি আব্দুল হালিমের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিট থেকে শুরু হওয়া এ অভিযানে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের অংশ নেন। অভিযানে মাদক সেবনের দায়ে ১০ জনকে এক থেকে ১০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।