শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কক্সবাজার জেলার প্রাথমিকের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রিমুখী উৎসব ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মো গিয়াস উদ্দীন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫১ am
৬
কক্সবাজার জেলার প্রাথমিকের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রিমুখী উৎসব ও পুরস্কার বিতরণ সম্পন্ন
অতিথিদের বরণ

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ, বিদায়ী শিক্ষকের বিদায় সংবর্ধনা ও নতুন পরিচালনা কমিটিকে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বিদ্যালয়ের সম্মানিত সভাপতি অধ্যাপক তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব মাধু বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব পান্না আক্তার ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব সরোয়ার জাহান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উখিয়া পল্লী বিদ্যুতের কর্মকর্তা এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব শামসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন অর রশীদ নুরী অতিথিদের সামনে স্কুলের গৌরবোজ্জ্বল সাফল্য তুলে ধরেন।

তিনি জানান, সারা বাংলাদেশের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এই বিদ্যালয়। এবারের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে গৌরবোজ্জ্বল সাফল্য হিসেবে ৪৬ জন শিক্ষার্থীই বৃত্তি পাওয়ার অনন্য কীর্তি গড়েছে।

সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুলের পূর্ব পাশে পুকুরের পানির কারণে ভেঙে যাওয়া সীমানা প্রাচীর সংস্কার এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিরাপদ রাস্তা পারাপারের জন্য স্কুলের সামনে একটি ফুটওভার ব্রিজ (পদচারী সেতু) স্থাপনের জোর দাবি জানান।

দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, "ইনশাআল্লাহ, আগামী এক বছরের মধ্যে অত্র বিদ্যালয়ে একটি বহুতল ভবন স্থাপন করা হবে। আর ফুটওভার ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে আমরা দ্রুতই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাথে বৈঠকে বসব।

স্কুলের অন্যান্য সমস্যাগুলো নিয়েও নতুন কমিটির সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

নিজের স্মৃতি চারণ করে সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, "আমিও এই স্কুলের শিক্ষার্থী ছিলাম ছিলাম, পাশের হাই স্কুলেও পড়েছি। তোমরা যেভাবে সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে স্কুলের নাম উজ্জ্বল করেছ, আমি আশা রাখি—ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই আমার চেয়েও বড় এমপি, ডিসি (ডেপুটি কমিশনার) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৈরি হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নয়, বিভিন্ন ধরনের সহশিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।" ইনানীর গ্যাসক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ জরুরি মিটিংয়ের কারণে অনুষ্ঠানে আসতে কিছুটা বিলম্ব হওয়ার কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা দিয়ে জনাব সরোয়ার জাহান চৌধুরী বলেন, "আমিও এই স্কুলের সাবেক শিক্ষার্থী। বর্তমান যুগে স্মার্টফোন শিশুদের ভবিষ্যৎ নষ্ট করছে। তাই অন্তত পঞ্চম শ্রেণি পর্যন্ত আপনার সন্তানদের হাতে কোনোভাবেই স্মার্টফোন তুলে দেবেন না। তাদেরকে এই ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখুন।"

অনুষ্ঠানে শুরুতে অতিথিদের বরণ করেন স্কুল কমিটির সদস্য এবং সহকারী শিক্ষকগণ, বিদায়ী শিক্ষিকা মোসাম্মৎ তাসনিম হোসনেয়ারা ইপা-কে প্রধান অতিথি ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদ্যালয় ও সহকর্মীদের পক্ষ থেকে বিদায়ী উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর কৃতী শিক্ষার্থীদের মাঝে মেধা ক্রেস্ট এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ব্যতিক্রমী ও জমকালো এই আয়োজনে উপস্থিত অভিভাবক ও অতিথিরা গভীর আনন্দ প্রকাশ করেন। অভিভাবকেরা জানান, এই ধরনের আয়োজন শিশুদের মানসিকভাবে আরও চাঙ্গা করবে এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!