সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল নেশাজাতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত পৌনে ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১/২২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। ওই গ্রামের স্থানীয় হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু জানান, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, "বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের অবক্ষয় থেকে রক্ষা করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবি’র এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।"