আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাওলানা নুর মোহাম্মদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় শাহাগোলা তরুণ ক্লাবসংলগ্ন মাঠে এ উপলক্ষে এক জনসমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আ. স. ম. সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা জামায়াতের আমির আসাদুল্লাহ আল গালিব, নায়েবে আমির মো. ওসমান গণি এবং উপজেলা সেক্রেটারি মো. তোজাম্মেল হক সহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশের সাম্প্রতিক জ্বালানি তেল, সার ও বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনা করেন। এসব সংকটের কারণে কৃষি ও জনজীবনে সৃষ্ট বিভিন্ন সমস্যার বিষয়েও তাঁরা বক্তব্য তুলে ধরেন।
এ সময় আসন্ন ১নং শাহাগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাওলানা নুর মোহাম্মদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সমাবেশ শেষে শাহাগোলা ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।