মোঃ গোলাম কিবরিয়া খুলনা :
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২২ অক্টোবর বুধবার একদিনের সফরে খুলনা ও বাগেরহাট আসছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে এই সফরসূচি জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ওইদিন সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে যাত্রা করে সকাল ১০টায় আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন।
সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। এরপর লঞ্চযোগে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।
দুপুর পৌনে ১টায় বানৌজা মোংলায় পৌঁছে মধ্যাহ্ন বিরতির পর বেলা পৌনে ২টায় ওয়ার্ডরুমে এক গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন। ওই সভায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি এবং বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি। পরিদর্শন শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।