নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এবং বিভিন্ন নৃগোষ্ঠীর সমান অধিকার রয়েছে। কাউকে সংখ্যালঘু ভাবার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের আহাম্মদপুর শ্রীশ্রী দুর্গামন্দিরে বিনামূল্যে চিকিৎসাসেবা, বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি আরও বলেন, এবারের দুর্গাপূজায় সরকার স্বাধীনতার পর সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়েছে।
অনুষ্ঠানে ৩০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। পাশাপাশি মন্ত্রী দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নাক, কান ও গলা ইনস্টিটউটের সাবেক অধ্যাপক ডা. মানস রঞ্জন চক্রবর্তী,মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশাসহ স্থানীয় বিএনপি ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।