মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

মোঃ ফরিদ হোসেন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ am
১৪
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর পতিনিধি

শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

গাজীপুর, ১৯অক্টোবর ২০২৬: শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। রবিবার (১৮ অক্টোবর) তিনি গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। উল্লেখ্য, তিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার পূজামণ্ডপে আগত অতিথি, পূজারী, ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে দুর্গোৎসবের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সকলকে মিলেমিশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রত্যেককে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজামণ্ডপ পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিবিড় নজরদারি এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার বিষয়ে তিনি সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, উৎসব চলাকালে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

এদিকে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল ধর্মাবলম্বীর জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

সচেতন নাগরিকদের মতে, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব হয়ে উঠুক সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও মিলনের উৎসব—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!