মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নগরকান্দায় সরকারি খালের পাশে মুরগির খামার, দুর্গন্ধে ভোগান্তিতে এলাকাবাসী

মামুন মিঞা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ am
১০
নগরকান্দায় সরকারি খালের পাশে মুরগির খামার, দুর্গন্ধে ভোগান্তিতে এলাকাবাসী

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে মুন্নু মাতুব্বরের বিরুদ্ধে। খামারের মুরগির বিষ্ঠা থেকে ছড়ানো দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দা ও ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা।

উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া ত্রিমোহনা এলাকায় সড়কের পাশে তালমার গাং নামে পরিচিত সরকারি খালের জায়গায় স্থাপনা নির্মাণ করে প্রায় চার বছর ধরে খামারটি পরিচালনা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সরকারি খালের জায়গায় ঘর নির্মাণ করে সেখানে মুরগির খামার স্থাপন করা হয়েছে। খামারটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন স্থানীয় আনোয়ার শেখের ছেলে জাকির হোসেন। অভিযোগ রয়েছে, খামারের মুরগির বিষ্ঠা সড়কের পাশে ও খালের পানিতে জমে থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, দুর্গন্ধের কারণে ওই এলাকা দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। তাঁরা সরকারি খালের জায়গা দখলমুক্ত করা এবং পরিবেশদূষণ বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “সরকারি জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা নিষেধ। খাল দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে তাঁর বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।”

অভিযোগের বিষয়ে মুন্নু মাতুব্বর বলেন, “আমি চার বছর ধরে মুরগির খামার করে ব্যবসা করছি। জাকির এটি দেখাশোনা করে।”

খামারটির দেখাশোনার দায়িত্বে থাকা জাকির হোসেন দাবি করেন, প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। তবে সেই অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানান তিনি। এ সময় অনুমতির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি জাকির।

এদিকে, সরকারি খালের জায়গা দখল ও মুরগির বিষ্ঠা থেকে সৃষ্ট দুর্গন্ধের বিষয়ে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নগরকান্দা উপজেলার দায়িত্বে থাকা কর্মকর্তা মো. মমেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সরকারি খালের জায়গার মালিকানা, খামার স্থাপনের অনুমতি এবং পরিবেশদূষণের অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!