সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে ইলিশ ধরার দায়ে জেলের এক মাসের কারাদণ্ড, জাল জব্দ ৬০ হাজার মিটার

মামুন মিঞা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ pm
৭
সদরপুরে ইলিশ ধরার দায়ে জেলের এক মাসের কারাদণ্ড, জাল জব্দ ৬০ হাজার মিটার

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে পদ্মা নদী থেকে নুরুল ইসলাম (৪০) নামে এক জেলেকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তাঁর। এ ছাড়া অভিযান চালিয়ে প্রায় দেড় মণ ইলিশ মাছ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহিল আবরার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদীর সংযোগস্থল এলাকায় ইলিশ মাছ ও জালসহ নুরুল ইসলামকে আটক করা হয়। তিনি সদরপুর উপজেলার চরবালাশিয়া গ্রামের বাসিন্দা।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নুরুল ইসলাম নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। ইলিশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন।

এদিকে, পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দেড় মণ ইলিশ মাছ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহিল আবরার বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ টিকিয়ে রাখাই তাঁদের মূল লক্ষ্য। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!