সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে মালামাল ছিনতাই, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

আব্দুল্লাহ আল মাহীদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ pm
২৩
নওগাঁয় বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে মালামাল ছিনতাই, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
নওগাঁয় দস্যুতার ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি ও পুলিশ সদস্যরা। ছবি: জেলা পুলিশ

নওগাঁর পোরশায় পূজার ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে একটি পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দস্যুতায় ব্যবহৃত একটি হাসুয়া ও একটি চাকু জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে পোরশা উপজেলার পূর্বগ্রামের বাসিন্দা বনিতা (৩০), তাঁর স্বামী স্বপন মিনজ, সন্তান শিবরাজ (১৩) ও যুবরাজ (৩), সুস্মিতা মিনজ (১৯) এবং তাঁদের ভাগ্নি শ্যামলী (২৪) ঢাকা থেকে বিআরটিসি বাসে পোরশার উদ্দেশে রওনা হন। তাঁরা পোরশা থানাধীন ফুলতলা ব্র্যাক অফিসের সামনে বাস থেকে নেমে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন।

রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ফুলতলা ব্র্যাক অফিসের প্রায় ১৫০ গজ পশ্চিমে সরাইগাছি-নিতপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ওবাইদুল্লাহ শাহর ব্রয়লার মুরগির খামারের পূর্ব পাশের গ্রামীণ রাস্তায় পৌঁছালে পেছন থেকে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে বলে অভিযোগ করা হয়। এ সময় গলায় হাসুয়া ধরে ভয়ভীতি দেখিয়ে একটি শাড়ির ব্যাগ, তিন আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, একটি রুপার পায়ের নূপুর এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত মামলা গ্রহণ, ঘটনার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) অরূপ রতন সরকার ও পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে ১৮ অক্টোবর ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সাপাহার থানার দিঘীরহাট এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর (দিঘীপাড়া) এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে মো. জাহাঙ্গীর (৩৮) এবং নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ (মৃধাপাড়া) এলাকার মো. মহব্বতের ছেলে মো. সুমন ওরফে শাহিন (৩০)। অভিযানে একটি ধারালো হাসুয়া ও একটি ধারালো চাকু জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার বাদী ও ভুক্তভোগীরা গ্রেপ্তার দুজনকে দেখে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে শনাক্ত করেছেন। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও দস্যুতাসহ সাতটি এবং সুমন ওরফে শাহিনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!