সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়া ও সাভারে ডিবির অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ pm
৭
আশুলিয়া ও সাভারে ডিবির অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। শনিবার (১৭ অক্টোবর) রাতে আশুলিয়ার শ্রীপুর ও সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে এবং রাত পেরিয়ে রোববার (১৮ অক্টোবর) ভোররাতে ভাকুর্তা মোগড়াকান্দা এলাকা থেকে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে ডিবির কর্মকর্তারা অংশ নেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানে আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আফসার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ডিবির এসআই মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার আফসার হোসেন গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন লতিফপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোঃ ফাইজ উদ্দিন এর ছেলে।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ৫০০ পিস ইয়াবার ওজন প্রায় ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় পৃথক অভিযান চালায় ডিবি। এসআই মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল আহম্মেদ রনি (২৭) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার আশুলিয়া থানাধীন পশ্চিম আউকপাড়া এলাকার বাসিন্দা মোঃ আবু সাঈদ এর ছেলে।

পুলিশ জানায়, শাকিল আহম্মেদ রনির কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

এরপর রোববার (১৮ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। ডিবির এসআই মোঃ রাশেদ মিয়ার নেতৃত্বে ওই অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার কেরাণীগঞ্জ থানাধীন ইটখোলা এলাকার বাসিন্দা মৃত হাজী আমির উদ্দিন এর ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইসমাইল হোসেনের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৩ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৫০০ টাকা।

তিনটি অভিযানে সর্বমোট ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক মোট বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

ঢাকা জেলা ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আফসার হোসেনের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা রয়েছে। শাকিল আহম্মেদ রনির বিরুদ্ধে একটি মাদক মামলা এবং ইসমাইল হোসেনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!