পঞ্চগড়ে দুর্গাপূজা কেন্দ্র করে এসআরবি নিরাপত্তা সংবাদ সম্মেলন
নিতিশ চন্দ্র বর্মন
পঞ্চগড় প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা নির্ঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চগড়ে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ প্রেস ব্রিফিং করেছে এসআরবি-১৩
আজ ১৮ অক্টোবর (রবিবার) পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসআরবি-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবু রোহানী পারভেজ রনী বক্তব্য প্রদান করেন।
সংবাদ সম্মেলনে এএসপি মো. আবু রোহানী পারভেজ রনী জানান, দুর্গাপূজা কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। চলতি বছর পঞ্চগড় জেলায় মোট ৩০১টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন, সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ নিরাপত্তা ব্যবস্থা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা উসকানিমূলক তথ্যে কান না দেওয়া এবং তা শেয়ার না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। এসআরবি সাইবার মনিটরিং টিম অনলাইনেও সার্বক্ষণিক নজরদারি রাখছে।
উক্ত সংবাদ সম্মেলনে পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি প্রদীপ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক মধুসূদন বণিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার সভাপতি মনোরঞ্জন বণিক ও সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র ঝা-সহ স্থানীয় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।