শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনু প্রধানিয়াকান্দি এলাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার।
স্থানীয়দের চলাচলের পথে প্রতিবন্ধকতার বিষয়টি ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরেন স্থানীয় সাংবাদিক আল আমীন সরদার। পরে তিনি বিষয়টি ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিককে অবহিত করেন।
বিষয়টি জানার পর ইউএনও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিয়ন তহশিলদার মাহবুব হোসেনকে নির্দেশ দেন।
পরে তহশিলদার মাহবুব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে জানা যায়, স্থানীয়দের পায়ে চলার পথটি খাস ও রেকর্ডীয় জমির ওপর দিয়ে গেছে। খাসজমির অংশটি উন্মুক্ত থাকলেও রেকর্ডীয় জমির কিছু অংশে মাটি ভরাট করা হয়েছে।
এ অবস্থায় রেকর্ডীয় জমির মালিককে চলাচলের পথটি উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জমির মালিকও পথটি চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বিষয়টি তদারকির জন্য স্থানীয় ওয়ার্ড সদস্যকে পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, চলাচলের পথ নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইন ও বিধিবিধান অনুসরণ করে সমাধান করা প্রয়োজন।
জনস্বার্থসংশ্লিষ্ট এ বিষয়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে জনদুর্ভোগ কমবে এবং সাধারণ মানুষের চলাচলের পথ স্বাভাবিক থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের