ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মোঃ জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর ) ভোরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনি জামে মসজিদের সামনে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, ১৭ অক্টোবর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সূত্রে খবর পাওয়া যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপ গাড়িতে করে গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসা হচ্ছে। খবরের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে তথ্যের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ সদস্যরা অভিযান শুরু করেন।
অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনি জামে মসজিদের সামনে বটগাছের নিচে সড়কে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন পিকআপ গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা মো. জামাল মিয়া ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল মিয়া (৪৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুর রহিম বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা ৫২ কেজি গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পুরোনো নীল রঙের রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি ফোটন (FOTON) পিকআপ জব্দ করা হয়েছে। গাড়িটির আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। এর চেসিস নম্বর LVAV2JAB2SC600775; ইঞ্জিন নম্বর স্পষ্ট নয় বলে জানানো হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার জামাল মিয়া ওরফে সেলিমের বিরুদ্ধে আগে তিনটি মাদকসংক্রান্ত মামলা ও একটি চুরির মামলা রয়েছে বলে পুলিশের নথিতে উল্লেখ আছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান অভিযানের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।