শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা আট ঘণ্টা নৌপথে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।
উপজেলা প্রশাসন, ভেদরগঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একজনকে চার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং নয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে সংশ্লিষ্ট অভিভাবকদের জিম্মায় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে আনুমানিক দুই লাখ মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়। এ ছাড়া সাতটি ট্রলার জব্দ করে নৌ পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।