সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পৃথক বিশেষ অভিযানে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) সন্ধ্যা ও রাতে সাভার মডেল থানাধীন মোগড়াকান্দা ভাঙা ব্রিজ ও সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ রিপন (৪৫), মোঃ আরিফ হোসেন (৩৮) ও আব্দুস সালাম (২৬)। পুলিশ তাঁদের পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে।
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযানে অংশ নেয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন মোগড়াকান্দা ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা জেলা ডিবি-উত্তরের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মুত্তালিবসহ গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ রিপন (৪৫) ও মোঃ আরিফ হোসেনকে (৩৮) আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৬০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রিপন ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বড়ইতলা এলাকার ৬ নম্বর রোডের ভূতের গলিতে বাবু হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে পুলিশের তথ্যে উল্লেখ রয়েছে। অপর গ্রেপ্তার আরিফ হোসেন ঢাকার হাজারীবাগ রোডের বটতলা মাজার এলাকার বাসিন্দা।
একই দিন রাত ৮টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি-উত্তরের একটি দল।
উপপরিদর্শক মোঃ রাশেদ মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আব্দুস সালাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা। গ্রেপ্তার আব্দুস সালাম ঢাকার আশুলিয়া থানাধীন টংগাবাড়ি মধ্যপাড়া এলাকার বাসিন্দা। আব্দুস সালামের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক দুটি অভিযানে তিনজনকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে মোট ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা।
মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।