আটোয়ারীতে ইউএনও নিরুপমা রায়ের পূজা মণ্ডপ পরিদর্শন ও অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন নিশ্চিত করেন
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় থেকে :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায়। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনাকবলিত পরিস্থিতি এড়াতে অগ্নি নির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিঙ্গুইশার) স্থাপন নিশ্চিত করেন।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় মণ্ডপগুলোর আলোকসজ্জা, সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন।যেকোনো জরুরি পরিস্থিতি ও অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে প্রতিটি পূজা মণ্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র হস্তান্তর করেন তিনি।
ইউএনও নিরুপমা রায় জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন থেকে সকল ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে আনসার-ভিডিপি ও পুলিশ সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছে।