পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে পর্যটন নগরীর লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে এ আয়োজন শুরু হয়। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে।
আয়োজনের প্রথম দিন বিকেল ৪টার পর টিম কাসুন্দির শিল্পীদের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। পরে শিল্পীদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। তিন দিনের কর্মসূচিতে পর্যটন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, ফায়ার শো ও ব্যান্ড সংগীতসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।
আয়োজনের দ্বিতীয় দিন শনিবার (২৬ সেপ্টেম্বর) থাকবে মিউজিক্যাল নাইট। এছাড়া সৈকত পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিশ্ব পর্যটন দিবসের মূল দিন রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঘুড়ি উৎসব, লাইফগার্ডের জরুরি সেবা ও ফার্স্ট এইড কার্যক্রমের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কক্সবাজারের পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পরিচ্ছন্ন সৈকত, নিরাপদ পর্যটন ও স্থানীয় সংস্কৃতির প্রতি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।