শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ১৭

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৬:৩৯ pm
৩৯
ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ১৭

ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের ব্রীজপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শহিদুল ওই এলাকার কানিপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হয়।

সোমবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে শুক্কুর আলীসহ কয়েকজন রোপা আমনের চারা রোপণের প্রস্তুতি নিলে শহিদুল ইসলাম ও তাঁর স্বজনরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে মাছ ধরার সরঞ্জাম ‘কোঁচ’ দিয়ে আঘাত করা হলে শহিদুল গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে ১৭ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, দীর্ঘদিনের জমি বিরোধ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!