সোমবার, ১০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটে পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাস করেনি কেউ।

মোঃ সৌরভ হোসেন
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৫:১৫ pm
কাজিরহাটে পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাস করেনি কেউ।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পশ্চিম রতনপুর এলাকার পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিদ্যালয়টির মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশ নিলেও তারা সবাই অকৃতকার্য হয়েছে।একটি বিদ্যালয়ের পরীক্ষার্থী শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনায় কাজিরহাট থানা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষক উপস্থিতি নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়টি অনেকটা নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিদ্যালয়ে দায়িত্বে থাকা শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকেন না এবং যথাযথভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হয় না বলেও অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন তারা।অভিভাবকদের প্রশ্ন, একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৭ জন শিক্ষার্থীর সবাই যদি অকৃতকার্য হয়, তাহলে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষার পরিবেশ কীভাবে পরিচালিত হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন।স্থানীয় সচেতন মহল মনে করছেন, শুধু পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়টি বিবেচনা করলেই হবে না। বিদ্যালয়ের শিক্ষক উপস্থিতি, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং সার্বিক শিক্ষা কার্যক্রমের পরিবেশও যাচাই করা প্রয়োজন।তাদের দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। কোনো বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হলে এর পেছনের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।এদিকে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান, শিক্ষক উপস্থিতি যাচাই এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!