অভিজিত শীল নাচোল,( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও আনন্দ ঘন পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
রোববার (৯ আগস্ট) আদিবাসী একাডেমী, এসেডো গণস্বাক্ষরতা প্রকল্প এবং ডাসকো ফাউন্ডেশনের ‘থ্রাইভ’ প্রকল্পের যৌথ উদ্যোগ ও সহযোগিতায় দিনটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আদিবাসী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আদিবাসী একাডেমীর সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার (অ্যাডভোকেসি) আনোয়ার হোসেন এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মুরমু। বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, ভাষা-সংস্কৃতি সংরক্ষণ ও সামাজিক মূলধারায় তাদের অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ অবদান রাখায় নাচোল উপজেলার ৩ জন ধাত্রীকে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসেডো গণস্বাক্ষরতা অভিযান’-এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাঁদের হাতে সম্মাননা স্মারক ও শাড়ি তুলে দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আদিবাসী নারীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখানে তারা নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করেন