পাবনা শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিনটি বাসের চালককে জরিমানা এবং পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
শুক্রবার (৭ আগস্ট) পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন স্থাপন করার অপরাধে তিনটি বাসের চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে জেলা পুলিশ, পাবনার একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।