ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। শনিবার (৮ আগস্ট) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনে এবং দক্ষিণ কেরানীগঞ্জ রেলস্টেশনের সামনে খালপাড় ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের তথ্যমতে, জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তাদের সহযোগিতায় অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে ডিবি দক্ষিণের দুটি টিম অভিযান পরিচালনা করে। ডিবির এসআই মো. সিরাজ-উদ দৌলাহ সঙ্গীয় ফোর্সসহ রাত ৮টা ১০ মিনিটে চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনে অভিযান চালিয়ে মো. সাজিদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, এসআই ঝন্টু চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ রাত ১১টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ রেলস্টেশনের সামনে খালপাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন ঢালী (৩২) নামে অপর একজনকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।