শনিবার, ০৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোঃ শামীম আহমেদ
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৯:০৪ pm
শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শিবচর উপজেলা প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার চরজানাজাত ইউনিয়নের বেপারী চর বাজার এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে শিবচরের কাঁঠালবাড়ী, চরজানাজাত ও চরচন্দ্রা ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে যত্রতত্র ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই অপরিকল্পিত ও অবৈধ বালু বাণিজ্যের কারণে পদ্মার তীরবর্তী এলাকার ফসলি জমি, বসতভিটা এবং অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা এখন নদীভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে।

অবিলম্বে এই অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে আগামী কয়েকদিনের মধ্যে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাও করার কঠোর হুঁশিয়ারি দেন বিক্ষুদ্ধ এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন বেপারী, চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শান্ত বেপারী, আব্দুল মজিদ বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাচ্চু বেপারী, নূর আলম হাওলাদার, কামাল বেপারী, আবু বক্কার মাদবর ও মোতালেব বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে ক্ষোভ প্রকাশ করে অ্যাডভোকেট নাসিরুদ্দিন বেপারী বলেন, একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা তাদের সহযোগিতায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে যাচ্ছে। নৌ-পুলিশের নাকের ডগায় এমন অবৈধ কর্মকাণ্ড চললেও তারা নিরব ভূমিকা পালন করছে। দেখে মনে হয় নৌ-পুলিশের এই বিষয়ে কোনো মাথাব্যথাই নেই! যদি প্রশাসন দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করে, তবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

নদী রক্ষা, ফসলি জমি বাঁচানো এবং অবৈধ ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন শিবচরের চরজানাজাত ইউনিয়নের সর্বস্তরের জনতা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!