তানিয়া আক্তার ফারজানা
মাতারবাড়ির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ এবং হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আগামীকাল ৯ আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর দুপুরের দিকে হেলিকপ্টারে করে বাঁশখালীর বাহারছড়ায় যাবেন তিনি। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং গৃহহীন ১০০ পরিবারের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি তুলে দেবেন।
দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী ফটিকছড়িতে যাবেন। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন এবং হেফাজতে ইসলামের প্রয়াত নেতা আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
পরে সংক্ষিপ্ত বিরতির জন্য জেলা পরিষদের ডাকবাংলোয় অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যা পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে উপহার হিসেবে দেওয়া হবে ১০ হাজার টাকা করে। সন্ধ্যায় চট্টগ্রাম নগরের র্যাডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম মহানগর ও জেলার বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক প্রস্তুতি চলছে। ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর জানিয়েছেন, ফটিকছড়ির মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। তাঁর ভাষ্য, সম্ভাবনাময় এলাকা হওয়া সত্ত্বেও ফটিকছড়ির মানুষ এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাই স্থানীয় উন্নয়ন ও জনগণের বিভিন্ন প্রয়োজনের বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন তাঁরা।
বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় রাজনৈতিক নেতারা বিভিন্ন এলাকায় স্বাগত জানিয়ে ব্যানার ও পোস্টার লাগিয়েছেন। সফরের আগে বিভিন্ন সড়কের খানাখন্দ ও গর্তও সংস্কার করা হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর সফল ও ফলপ্রসূ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের সময় প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন বলেও জানান তিনি। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দিনের চট্টগ্রাম সফরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ধর্মীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দলীয় সাংগঠনিক কর্মসূচি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে।