টঙ্গী, গাজীপুর প্রতিনিধি-
তানিয়া আক্তার ফারজানা
চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী ৯ থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘চলোচিত্র উৎসব: একাল সেকাল’। উৎসবে কোনো টিকিট ছাড়াই দর্শকেরা বড় পর্দায় ছয়টি বাংলাদেশি চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন।
‘সিনেমা সবার জন্য, শিল্প ও সংস্কৃতি সবার জন্য’ এই
স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে উৎসবটির আয়োজন করা হয়েছে। ৯ আগস্ট বিকেল ৫ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনের পর সন্ধ্যা ৬ টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রোদ’। একই দিন রাত ৮ টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। ১০ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। একই দিন রাত ৮ টায় দর্শকেরা দেখতে পারবেন মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। ১১ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। আর রাত ৮ টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের উৎসব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, উৎসবের সব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শকদের কোনো টিকিট কিনতে হবে না। ফলে চলচ্চিত্র প্রেমীরা বিনা খরচে দেশের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ও আলোচিত চলচ্চিত্র বড় পর্দায় দেখার সুযোগ পাবেন। আয়োজনটির বিশেষত্ব হলো, একই উৎসবে বাংলাদেশের পুরোনো ও নতুন সময়ের চলচ্চিত্র পাশাপাশি প্রদর্শিত হচ্ছে। জহির রায়হান, খান আতাউর রহমান ও আমজাদ হোসেনের মতো বরেণ্য নির্মাতাদের চলচ্চিত্রের পাশাপাশি থাকছে সমসাময়িক নির্মাতাদের চলচ্চিত্রও। এর মাধ্যমে দেশের চলচ্চিত্রের অতীত ঐতিহ্য ও বর্তমান নির্মাণ ধারার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
উৎসবকে ঘিরে ৭ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে ‘সমকালীন প্রেক্ষাপটে চলচ্চিত্রের একাল ও সেকাল’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের চলচ্চিত্রের অতীত ও বর্তমান, পরিবর্তিত দর্শক রুচি এবং সমকালীন চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আক্তানিন খায়ের তানিন। আলোচনায় অংশ নেন চলচ্চিত্রকার মতিন রহমান, শাহীন দিল-রিয়াজ, মোহাম্মদ নূরুজ্জামান ও এস এম ইমরান হোসাইন। এ ছাড়া বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচিও আলোচনায় অংশ নেন।
তিন দিনের এই আয়োজনের মধ্য দিয়ে দর্শকেরা একদিকে যেমন বিনামূল্যে ছয়টি চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন, অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন সময়ের নির্মাণ, গল্প বলার ধরন ও পরিবর্তনের ধারাটিও কাছ থেকে দেখার সুযোগ পাবে