ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক একাধিক অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ৭ আগস্ট (শুক্রবার) রাতে আশুলিয়ার নয়ারহাট, জামগড়া ও টঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩০ গ্রাম গাঁজা।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের প্রত্যক্ষ নির্দেশনায় ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা এর নেতৃত্বে পুলিশ মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে।
আশুলিয়া থানা সুত্রে পৃথক ৩টি অভিযানের বিষয়ে বিস্তারিত জানা যায় যে, নয়ারহাট বাজার এলাকায় ৭ আগস্ট রাত ৮:৩০ ঘটিকার দিকে আশুলিয়া থানার এসআই (নিঃ) রিয়াজ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারস্থ আসামি মোঃ আব্দুল আজিজের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। সেখানে অবস্থানরত মোঃ আঃ আজিজ (৪৫) কে আটক করে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২ গ্রাম, আনুমানিক মূল্য ৬,০০০ টাকা) উদ্ধার করা হয়। একই রাতে ১০:৩৫ ঘটিকার দিকে জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় অন্য একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ জুয়েল রানা ও সংগীয় ফোর্স ভাসমান মাদক কারবারি মো: তালেব ইসলাম শুভ (২৮) কে আটক করে। শুভ-র কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৩,৫০০ টাকা) জব্দ করা হয়। এবং অন্য আরও এক অভিযানে রাত ৯:৫০ ঘটিকার দিকে টঙ্গাবাড়ীস্থ নাভানা সিএনজি পাম্পের সামনে এসআই (নিঃ) আবদুল হাই-এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ জন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো মোঃ হজরত আলী (৩৫), পারভেজ হোসেন (২৬) এবং আবুল কালাম আজাদ (৩২)। তাদের নিকট থেকে ৫৩ পিস ইয়াবা (ওজন ৫.৩ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,৯০০ টাকা) উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানা পুলিশ জানায়, উক্ত পৃথক ৩টি ঘটনায় ৮ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় ৩টি মামলা (মামলা নং-৩২, ৩৩ ও ৩৮) রুজু করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা জানান, আশুলিয়া থানা এলাকাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করা এবং অপরাধ দমন ও সন্ত্রাস নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে। আটককৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।