রবিবার, ০৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডিবির জালে ৫ মাদক কারবারি, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডল

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০১:৫১ pm
১২৯
ডিবির জালে ৫ মাদক কারবারি, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডল

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) রাতে সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির পৃথক দল অভিযানগুলো পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন সিএন্ডবি তিন রাস্তার মোড়ে প্রথম অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের এসআই মো. আবদুল মুত্তালিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. রাসেল (২৮) ও নেলচন প্রতীক (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। একই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. রাসেল নরসিংদীর রায়পুরা থানার কাচের কান্দি এলাকার খলিল মিয়ার ছেলে। তিনি বর্তমানে সাভার মডেল থানার কলমা দক্ষিণপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর গ্রেপ্তার নেলচন প্রতীক খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকার পল সুশান্ত ফলিয়ার ছেলে। তিনি সাভারের বিরুলিয়া এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এরপর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় পৃথক অভিযান চালায় ঢাকা জেলা ডিবি (উত্তর)। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. নাদিম হোসেন দিপু (৩৮) ও মো. হাবিব মোল্লা (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা।

গ্রেপ্তার মো. নাদিম হোসেন দিপু গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর মণ্ডলপাড়া এলাকার মৃত আবদুল বারীর ছেলে। অপর গ্রেপ্তার মো. হাবিব মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী থানার বড় পারুলিয়া এলাকার মো. কাঞ্চন মোল্লার ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ভাড়ায় বসবাস করছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাদিম হোসেন দিপুর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য সংক্রান্ত নয়টি মামলা রয়েছে।

একই রাতে সাভার মডেল থানাধীন হিন্দু ভার্কুতা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিমাই চন্দ্র মন্তু (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ট্যাপেন্টাডলের ওজন প্রায় ৩০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নিমাই চন্দ্র মন্তু লালমনিরহাট সদর থানার কুইষামারী হিন্দুপাড়া এলাকার রনজিৎ চন্দ্র মন্তুর ছেলে। তিনি সাভারের ঋষিপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক তিনটি অভিযানে মোট ১৬০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!