শনিবার, ০৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়তে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ

আব্দুল্লাহ আল মাহীদ
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ১২:১৪ pm
২০
অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়তে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ
আত্রাইয়ের মনিয়ারী ইউনিয়নের ১৮টি গ্রামের ক্রীড়া দলের মাঝে জার্সি বিতরণ করছেন প্রবাসী সাকিদার মো. মিলন।

মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে দূরে রাখতে নওগাঁর আত্রাই উপজেলার ৬ নম্বর মনিয়ারী ইউনিয়নে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রবাসী সাকিদার মো. মিলন। যুবসমাজকে খেলাধুলামুখী করতে ইউনিয়নের ১৮টি গ্রামের বিভিন্ন ক্রীড়া দলের মাঝে জার্সি বিতরণ করেছেন তিনি।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে মাঠকেন্দ্রিক কার্যক্রমকে সামাজিক প্রতিরোধের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সাকিদার মো. মিলন।

স্থানীয়রা আরও জানান, প্রবাসে থেকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিত ভূমিকা রেখে আসছেন তিনি। বর্তমানে তিনি ৬ নম্বর মনিয়ারী ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

নওদৌলী আদর্শ ক্লাবের হান্নান শেখ বলেন, “সাকিদার মিলন শুধু জার্সি বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। তিনি যুবসমাজকে সংগঠিত করে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরির চেষ্টা করছেন।”

মুঠোফোনে সাকিদার মো. মিলন বলেন, “মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষা করতে আইনি পদক্ষেপের পাশাপাশি সুস্থ বিনোদনেরও প্রয়োজন রয়েছে। তরুণরা অনলাইনে সময় নষ্ট না করে মাঠে থাকলে একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠবে। সামাজিক দায়বদ্ধতা ও এলাকার উন্নয়নের লক্ষ্য থেকেই ১৮টি গ্রামের তরুণদের পাশে দাঁড়িয়েছি।”

এলাকাবাসীর প্রত্যাশা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার এ ধরনের উদ্যোগ মাদক ও অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব কমাতে ভূমিকা রাখবে। পাশাপাশি অন্যদেরও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!