শনিবার, ০৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আত্রাইয়ে ১৫০ ফুটবলার নিয়ে মাঠে গড়ালো উপজেলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট

আব্দুল্লাহ আল মাহীদ
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ১২:০৪ pm
৪৪
আত্রাইয়ে ১৫০ ফুটবলার নিয়ে মাঠে গড়ালো উপজেলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট

মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে ‘আত্রাই উপজেলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। উপজেলার প্রায় ৪০টি গ্রামের ১৫০ জন ফুটবলারকে নিয়ে গঠিত সাতটি দলের অংশগ্রহণে আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে এই ফুটবল আসর।


টুর্নামেন্টের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মঞ্জুরুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে আত্রাই উপজেলার সাবেক ফুটবলার, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণ তৈরি করে। আত্রাইয়ে নিয়মিত খেলাধুলার এমন আয়োজন অব্যাহত থাকবে- এটাই আমাদের প্রত্যাশা।”

টুর্নামেন্টের মূল স্লোগান- ‘খেলবো মাঠে, গড়বো দেশ, মাদক হবে নিরুদ্দেশ।’

আয়োজক জাতআমরুল যুব উন্নয়ন পরিষদ জানায়, আত্রাই উপজেলার প্রায় ৪০টি গ্রামের ১৫০ জন ফুটবল খেলোয়াড়কে নিয়ে সাতটি দল গঠন করা হয়েছে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রেনেসাস ওভারসিস ও সেভেন স্টার ডায়াগনস্টিক সেন্টার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সেভেন স্টার ডায়াগনস্টিক সেন্টারকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে রেনেসাস ওভারসিস।

টুর্নামেন্টে অংশ নেওয়া অপর দলগুলো হলো- ভাই ভাই ফুটবল একাদশ, টাইগার ক্লাব, দীঘা ব্লু স্টার, ইউনাইটেড আত্রাই এবং ইসলামী ল্যাব আত্রাই।

আয়োজকরা জানান, এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; তরুণদের মাঠে ফিরিয়ে আনা, মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলমান এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!