রবিবার, ০৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কনসার্টে গায়ক হাসানকে বোতল ছোড়া, প্রতিবাদে সংগীতাঙ্গন

তানিয়া আক্তার ফারজানা
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৪ am
কনসার্টে গায়ক হাসানকে বোতল ছোড়া, প্রতিবাদে সংগীতাঙ্গন

টঙ্গী, গাজীপুর প্রতিনিধি-

তানিয়া আক্তার ফারজানা

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত ‘Songs of the Monsoon Revolution’ কনসার্টে মঞ্চে পারফর্ম করার সময় জনপ্রিয় রক ব্যান্ড আরকের প্রধান ভোকালিস্ট হাসানকে লক্ষ্য করে পানির বোতল ছোড়ার ঘটনায় সংগীতাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টটিতে পারফর্ম করছিলেন হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনে গান গাওয়ার সময় দর্শকসারী থেকে একটি পানির বোতল ছুড়ে মারা হলে সেটি তাঁর মুখে গিয়ে লাগে। তাঁর শরীর ও মঞ্চেও পানি ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পরও তিনি গান চালিয়ে যান।

অনুষ্ঠানে পার্শা মাহজাবীন, শেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আরক ও আর্টসেল পারফর্ম করে। ঘটনার পর সংগীতাঙ্গনের বিভিন্ন ব্যক্তি এর প্রতিবাদ করেন। গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ কনসার্টের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানান। তাঁর মতে, ঘটনাটি আরও বড় দুর্ঘটনার কারণ হতে পারত।

গায়ক ও সুরকার জন কবিরও শিল্পীদের প্রতি দর্শকদের সম্মানবোধ নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে পাওয়ারসার্জ ও সিভিয়ার ডিমেনশিয়ার গিটারিস্ট সাইমুম হাসান নাহিয়ান ঘটনাটিকে পুরো ব্যান্ড সংগীতাঙ্গনের জন্য অপমানজনক বলে উল্লেখ করেন। তিনি সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মাইলসের প্রধান কণ্ঠশিল্পী হামিন আহমেদও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (BAMBA) তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি ঘটনাটিকে পুরো ব্যান্ড সংগীতাঙ্গনের জন্য ‘গুরুতর অপমান’ হিসেবে উল্লেখ করেছে।

বামবা দাবি করেছে, একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি পুলিশের ব্যারিকেড ভেঙে মঞ্চের সামনে পৌঁছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সংগঠনটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর কনসার্টে শিল্পীদের নিরাপত্তা আরও জোরদারের দাবি নতুন করে সামনে এসেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!