নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর জনসভা শেষে নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা করার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ম্যাগাজিন এবং ধাতব বল সদৃশ ১৬টি বস্তু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে নাটোর সদর উপজেলার উত্তরা গণভবনের সামনে এ ঘটনা ঘটে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম, এমপির নাটোর সফর উপলক্ষে উত্তরা গণভবনের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রীর গাড়িবহর এলাকা ত্যাগ করার সময় এক যুবক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পরে বিধি অনুযায়ী তল্লাশি চালিয়ে তার কোমরে গোঁজা অবস্থায় একটি খেলনা পিস্তল, একটি ম্যাগাজিন এবং ধাতব বল সদৃশ ১৬টি বস্তু উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. সামস আল আমিন তানঈম (২৮)। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত সামসুল আলমের ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া পিস্তলটি একটি খেলনা বলে প্রতীয়মান হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ঘটনাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। প্রকৃত তথ্য নিশ্চিত না হয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার প্রতি আহ্বান জানিয়েছে।