বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের মসনি দক্ষিণপাড়া, কলমিবুনিয়া ও উত্তর পিংগড়িয়া গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন এলাকাবাসীর জন্য একপ্রকার মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও রাস্তা ভেঙে পাশের খালে বিলীন হয়ে যাচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে বা চিকিৎসকের কাছে নেওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় যানবাহন চলাচল করতে না পারায় রোগীরা সময়মতো চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
মসনি দক্ষিণপাড়া, কলমিবুনিয়া ও উত্তর পিংগড়িয়া গ্রামের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
মো: মুন্না শেখ