মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন ছিনতাইকারী ও ৭ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট ২০২৬ তারিখে টঙ্গী পশ্চিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ জন ছিনতাইকারীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক সেবনের অভিযোগে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাই, চুরি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
পুলিশ জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।