শনিবার, ০৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শ্রীলঙ্কা সিরিজের আগে ফের ধাক্কা খেল ভারত, চোটে প্রস্তুতি ম্যাচে নেই গিল

তানিয়া আক্তার ফারজানা
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০১:৩৫ pm
১২
শ্রীলঙ্কা সিরিজের আগে ফের ধাক্কা খেল ভারত, চোটে প্রস্তুতি ম্যাচে নেই গিল

তানিয়া আক্তার ফারজানা

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ফের চোটের ধাক্কা খেল ভারত। অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামতে পারেননি ভারতীয় অধিনায়ক শুভমান গিল।

বৃহস্পতিবার অনুশীলনে চোট পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গিলকে প্রথম দিনের ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল। গিল প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিসিসিআই জানিয়েছে, মেডিকেল দল তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মূল সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচটিই ভারতের একমাত্র গা গরমের সুযোগ।

তবে গিলের চোট ভারতের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে হাঁটুর সমস্যার কারণে দলের অন্যতম প্রধান পেসার যশপ্রীত বুমরাকে সিরিজে পাচ্ছে না ভারত। চোটের কারণে দলে নেই অলরাউন্ডার হর্ষিত রানা ও নিতীশ কুমার রেড্ডিও। হর্ষিত হ্যামস্ট্রিং এবং নিতীশ কোয়াড্রিসেপসের সমস্যায় ভুগছেন। হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দরও। পিঠের স্ট্রেস রিঅ্যাকশন থেকে পুরোপুরি সেরে না ওঠায় আকাশ দীপও এখনো নির্বাচকদের পরিকল্পনায় নেই। এদিকে পায়ের আঙুলের চোটের কারণে দলের সঙ্গে এখনো যোগ দিতে পারেননি বি সাই সুদর্শন। তবে প্রথম টেস্টের আগেই তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

চোটের কারণে দলের একের পর এক খেলোয়াড় ছিটকে যাওয়ায় ভারতের প্রস্তুতিতে এরই মধ্যে প্রভাব পড়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন গিল নিজেও। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তিনি বলেছিলেন, কোনো খেলোয়াড় পুরোপুরি ফিট না থাকলে ম্যাচে তাঁকে খেলানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই দল হিসেবে ফিটনেসের দিকে আরও উন্নতি প্রয়োজন বলেও মন্তব্য করেছিলেন তিনি।

আগামী ১৫ আগস্ট গলের মাঠে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট কলম্বোতে। তার আগে গিলের চোট কতটা গুরুতর এবং তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, সেটিই এখন ভারতের জন্য বড় প্রশ্ন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!