“সবুজ মনোহরদী” কর্মসূচির আওতায় রক্তদান সংস্থা মনোহরদীর বৃক্ষরোপণ
মোঃ এমরুল ইসলাম
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রক্তদান সংস্থা মনোহরদীর উদ্যোগে “সবুজ মনোহরদী” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী এ কর্মসূচির আওতায় মনোহরদী উপজেলার ১০টি মাদ্রাসায় মোট ৪০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে আম, লটকন, পেয়ারা ও নিম গাছের চারা প্রদান করা হয়।
আয়োজকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, কর্মসূচি বাস্তবায়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছিল। কেউ আর্থিক সহায়তা দিয়ে চারা ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে ভূমিকা রেখেছেন, কেউ পরিকল্পনা ও তদারকির দায়িত্ব পালন করেছেন, আবার কেউ মাঠপর্যায়ে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন। সবার সম্মিলিত সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
রক্তদান সংস্থা মনোহরদীর পক্ষ থেকে সকল সহযোগী, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করা হয়।
সংস্থাটির বিশ্বাস, আজকের এই ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতে একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য মনোহরদী গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।