শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডিজিটাল সিডিতে ফিরছে ফাহমিদা নবীর নতুন অ্যালবাম ‘এ শহরের গান’

তানিয়া আক্তার ফারজানা তানিয়া আক্তার ফারজানা
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ১০:২০ am
ডিজিটাল সিডিতে ফিরছে ফাহমিদা নবীর নতুন অ্যালবাম ‘এ শহরের গান’

তানিয়া আক্তার ফারজানা

ক্যাসেট ও সিডির যুগ পেরিয়ে এখন গান প্রকাশের প্রধান মাধ্যম ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। তবে সেই হারিয়ে যাওয়া অডিও অ্যালবামের আবেগ ও নস্টালজিয়া ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। দীর্ঘদিন পর তিনি প্রকাশ করতে যাচ্ছেন ডিজিটাল সিডি (ডিভিডি) ফরম্যাটে নতুন ভিডিও অ্যালবাম ‘এ শহরের গান’।

অ্যালবামটিতে থাকছে ছয়টি মৌলিক গান। সব গানের কথা লিখেছেন গোলাম মোরশেদ। তিনটি গানের সুর করেছেন শামস সুমন, আর বাকি তিনটির সুর দিয়েছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস। ছয়টি গানের মিউজিক ভিডিওর নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ভিডিওগুলোর নির্দেশনা দিয়েছেন ফাহমিদা নবী ও আশিক।

নতুন অ্যালবাম প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, একসময় নতুন অ্যালবাম প্রকাশকে ঘিরে ক্যাসেট ও সিডির যুগে যে উচ্ছ্বাস, অপেক্ষা ও আনন্দ ছিল, ডিজিটাল যুগে সেই অনুভূতিটা অনেকটাই হারিয়ে গেছে। সেই স্মৃতিকে আবারও ফিরিয়ে আনতেই তিনি নতুন মৌলিক গানগুলো ডিজিটাল সিডিতে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, ডিজিটাল সিডির পাশাপাশি ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলেও অ্যালবামের গানগুলো প্রকাশ করা হবে, যাতে দেশ-বিদেশের শ্রোতারা সহজেই সেগুলো উপভোগ করতে পারেন।

ফাহমিদা নবীর ভাষায়, অ্যালবামের প্রতিটি গানের কথা, সুর ও সংগীতায়োজনে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। তার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। তিনি এ অ্যালবামের সঙ্গে যুক্ত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, নির্মাতা এবং সব কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্প্রতি ফাহমিদা নবী ধারাবাহিকভাবে নতুন মৌলিক গান প্রকাশ করে সংগীতাঙ্গনে সক্রিয় রয়েছেন। এর আগে তার ‘খেয়ালী সুর’সহ বেশ কয়েকটি নতুন গান শ্রোতাদের কাছে পৌঁছেছে। বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন, ক্ষণস্থায়ী ‘ভাইরাল’ প্রবণতার চেয়ে ভালো কথা, সুর ও দীর্ঘস্থায়ী সংগীতই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

সংগীত সংশ্লিষ্টদের মতে, স্ট্রিমিং প্ল্যাটফর্মের দাপটের এই সময়ে ডিজিটাল সিডি আকারে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের উদ্যোগ শুধু নস্টালজিয়াই ফিরিয়ে আনবে না, বরং বাংলাদেশের অডিও অ্যালবাম সংস্কৃতির ঐতিহ্যকেও নতুন প্রজন্মের সামনে আবার তুলে ধরবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!