মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক পদ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেকে শতভাগ মুক্ত করার পাশাপাশি সব ধরনের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আব্দুল আলী মির্জা কাসেম কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত জানান। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ গোলাম রব্বানী জানান, মাদরাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে পবিত্র হজ পালনকালে কাবা শরিফ স্পর্শ করে জীবনের বাকি সময়ে আর কোনো রাজনীতি না করার শপথ নিয়েছিলেন। এরপর থেকে তিনি কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। তবে বিভিন্ন সময় তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করে প্রচারণা চালানোয় বিভ্রান্তি দূর করতে তিনি এই স্পষ্টীকরণ করলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “কয়েক বছর পূর্বে আমি আওয়ামী লীগের সমর্থক/সদস্য ছিলাম। আজ ৬ আগস্ট থেকে আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক পদ থেকে নিজেকে শতভাগ মুক্ত করলাম। আজ থেকে সব ধরনের রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করলাম। জীবনের অবশিষ্ট সময় আমি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াব না। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নির্দেশিত পথে চলেই মৃত্যুর আগ পর্যন্ত জীবন অতিবাহিত করতে চাই।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই শিক্ষাবিদ জানান, রাজনীতির পরিবর্তে শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখাই তাঁর মূল লক্ষ্য। শিক্ষার্থীদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তিনি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোলাম রব্বানীর এই আকস্মিক ঘোষণা মাদারগঞ্জের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মোঃ আলমগীর হোসাইন