প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশাল জেলার কাজীরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের চর খাজুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কাজীরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।থানা সূত্রে জানা যায়, বুধবার (5 আগস্ট) সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে রোকেয়া বেগম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে চর খাজুরিয়া এলাকার বেপারী বাড়ির কাঁচা সড়কে পৌঁছালে নেয়ামুল মাতুব্বর, এনামুল মাতুব্বর, আমানুল ও ওয়াজেদ মাতুব্বরের সঙ্গে তার দেখা হয়।অভিযোগে বলা হয়, সালিশ বৈঠকের বিষয় নিয়ে কথা বলার একপর্যায়ে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা রোকেয়া বেগমের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে আহত রোকেয়া বেগম চিকিৎসার জন্য মুলাদী হাসপাতালে যান এবং পরে কাজীরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।রোকেয়া বেগম সাংবাদিকদের জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে। তিনি আরও অভিযোগ করেন, তাদের মধ্যে কয়েকজন মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে অভিযুক্তদের ভয়ে তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে বলেও তিনি দাবি করেন।এ বিষয়ে কাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সৌরভ হোসেন