ঢাকা জেলার ধামরাই ও সাভারে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে এ সাফল্য আসে।
পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধামরাই থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. আরিফুল ইসলাম। এ সময় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার ধামরাই শ্রীরামপুর মধ্যপাড়া এলাকার মোকসেদ আলম এর ছেলে সুরুজ আহম্মেদ সবুজ (২৪), ঢাকা জেলার ধামরাই শ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকার আরশাদ এর ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৬),
পুলিশের তথ্যমতে, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৫০ পিস ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
এদিকে একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন। অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. সোহাগ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, ঢাকা জেলা সাভার বক্তারপুর বেদেপাড়া এলাকার জাহিদুল ইসলাম এর ছেলে সোহাগ হোসেন।
পুলিশ জানায়, সোহাগের কাছ থেকে উদ্ধার হওয়া ২০ পিস ইয়াবার ওজন প্রায় ২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।
তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সুরুজ আহম্মেদ সবুজের বিরুদ্ধে পূর্ব থেকেই দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি