ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা সাভার মডেল থানার মোগড়াকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের চার সদস্যকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. আরাফাত হোসেন (২৪), মো. শুভ (২০), রাফসান আহম্মেদ রানা (২৪) এবং মো. ইয়াসিন আরাফাত (২৩)। তারা সবাই সাভার মডেল থানার বড়দেশী পশ্চিমপাড়া ও পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি লোহার তৈরি ধারালো চাপাতি, একটি স্টিলের তৈরি ধারালো চাপাতি, একটি স্টিলের তৈরি সেলাই রেঞ্চ, একটি স্টিলের তৈরি কাটার, একটি স্টিলের তৈরি ছুরি এবং একটি লোহার তৈরি প্লাস উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে তারা বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। অপরাধে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ বলেছে, সাধারণ মানুষের জানমাল রক্ষায় ছিনতাই, ডাকাতি, মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ বদ্ধপরিকর।
এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি