কালিগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন।
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান (৭৩) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে সাবেক এই সংসদ সদস্যের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক, সাংগঠনিক যোগাযোগ এবং বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতে নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দারা আখতারুজ্জামানের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে গুলশানের ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তবে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো আলামত উদ্ধার হয়েছে কি না বা তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ডিবি।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর এ লায়ন সরকার