ভূরুঙ্গামারী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী চর নারায়ণপুরে জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে ৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ দুলু মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চর নারায়ণপুর এলাকায় মাদক কারবারের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তায় কচাকাটা থানা পুলিশের একটি দল সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশের দাবি, অভিযানের সময় দুলু মিয়ার কাছ থেকে ৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আরও দুই অভিযুক্ত—জাকির আলী (৩৬) ও হানিফ মিয়া (৩৮) পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী চরাঞ্চলে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং পলাতকদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি