ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বলে ধারণা করা বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা মঙ্গলবার (৪ আগস্ট) রাত প্রায় সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. আতিক (৩৫), ইসহাক মোল্লা (৪৫) এবং মো. শাহ আলী (৪২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে দাবি করেছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি ধারালো চাইনিজ কুড়াল, একটি ধারালো লোহার কাটার এবং একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তারা নিজেদের কাছে রেখেছিল বলে পুলিশের ধারণা।
পুলিশের অপরাধ সংক্রান্ত তথ্যভান্ডার (পিসি/পিআর) পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মো. আতিকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও দস্যুতাসহ দুটি মামলা, ইসহাক মোল্লার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনে দুটি মামলা এবং মো. শাহ আলীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ছিনতাই, ডাকাতি ও মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘবদ্ধ অপরাধ নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।