নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল-জিহানের বদলিজনিত বিদায় উপলক্ষে আন্তরিক ও আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মনোহরদী পৌরসভা কার্যালয়ে পৌরসভার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব ইসমাইল মিয়া, হিসাবরক্ষক নাসিমুর রহমান অপু, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সরকার বাদল, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও এম. এ. মুহাইমিন আল-জিহান সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মনোহরদীবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব এবং উন্নয়নমুখী বিভিন্ন উদ্যোগ মনোহরদীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও সেবামূলক মনোভাব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, উত্তরোত্তর সাফল্য এবং কর্মজীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদায়ী মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত অনেকেই তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরে শুভকামনা জানান।
মোঃএমরুল ইসলাম